ফটিকছড়ির ফরাঙ্গীরখীলে ভিক্ষু হত্যার বিচার,চীবর দান ও পেটিকাবদ্ধ অনুষ্ঠান সম্পন্ন
প্রতিবেদক- অসীম বিকাশ বড়ুয়া,
ফটিকছড়ির ১৮ নং ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর ফরাঙ্গীরখীল গৌতম মুনি বৌদ্ধ বিহার প্রাঙ্গনে গত শুক্রবার (১৩ ডিসেম্বর) বান্দরবান আর্যগুহা ধুতাঙ্গ বিমুক্তি বৌদ্ধ বিহারের প্রধান অধ্যক্ষ ডঃ এফ দীপংকর মহাথের ভিক্ষু হত্যাকাণ্ডের যথাযথ বিচারসহ নতুন সরকার ও প্রশাসনের নিকট হত্যাকারীদের দ্রুত গ্রেফতার কামনা করে থাইল্যান্ড থেকে আনিত পেটিকায় মহাসমারোহে পেটিকাবদ্ধ অনুষ্ঠান ও হাজারো পুণ্যার্থীর আগমনে কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়।

মহামতি গৌতম বুদ্ধের শান্তি ও মৈত্রীর বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে জগতের সকল ধর্মের সকল সম্প্রদায়সহ সকল প্রাণীর মঙ্গল কামনা করে ডঃ এফ দীপংকর ভিক্ষুর জম্মগ্রাম ফটিকছড়ির দক্ষিণ ধর্মপুর ফরাঙ্গীরখীল গ্রামে এদিন সকাল থেকে হাজার হাজার দায়ক-দায়িকাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো গ্রাম। এদিন ভোর ছয়টায় বিশ্বশান্তি কামনায় পরিত্রাণ পাঠ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন করার মাধ্যমে সকাল ৯ ঘটিকায় বিগত ৪ মাস আগে ১৩ জুলাই শনিবার বান্দরবানে সন্ত্রাসীরা নাটক সাজিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করা ডঃ এফ দীপংকর ভিক্ষুর মরদেহ ভান্তের নিজগ্রামে রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে পেটিকাবদ্ধ করা হয়।
প্রয়াত ডঃ এফ দীপংকর মহাথের মহোদয়ের শিষ্যমন্ডলীর উপস্থিতির মাধ্যমে বিনয় সম্মত ভাবে পঞ্চশীল প্রার্থনা, ভিক্ষু সংঘের পিন্ডদান ও অতিথি আপ্যায়নের পর ৩য় পর্বের অনুষ্ঠান দানোত্তম কঠিন চীবর দান উৎসব শুরু হয়। ভিক্ষু সংঘের আসন গ্রহণ, মঙ্গলাচরন পাঠ ও ইপা বড়ুয়া,তিষা বড়ুয়া, বৃষ্টি বড়ুয়া,জয়া বড়ুয়া ও অর্পিতা বড়ুয়ার উদ্বোধনী সংগীতের মাধ্যমে কঠিন চীবর দান উদ্বোধন করেন ফরাঙ্গীরখীল গৌতম মুনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বুদ্ধানন্দ ভিক্ষু।
এ সময় বান্দরবানের ফারুয়া থেকে আগত পার্বত্য অঞ্চলের অনেক পুণ্যার্থীসহ গুরুভান্তের ভক্তবৃন্দ ও অষ্টগ্রামের উপাসক উপাসিকাসহ দূরদূরান্ত থেকে আগত মানুষের ঢল নামে এই অনুষ্ঠানে এফ. দীপংকর ভিক্ষুকে এক নজর দেখার জন্য। প্রধান ধর্মদেশক ডঃ ধর্মকীর্তি ভিক্ষু বলেন,প্রায়ই পাঁচ মাস পূতপবিত্র এফ. দীপংকর ভিক্ষুকে সংরক্ষণ করলেও শরীর এখনও জল জল করে জ্বলছে এবং শরীরে চিকচিক আভা ফুটে উঠেছে এটা হলো শীলবান ভিক্ষুর লক্ষণ।তিনি আরো বলেন ঐতিহাসিক এই পেটিকাবদ্ধ অনুষ্ঠান,এই কঠিন চীবর দান এবং দীপংকর ভিক্ষুর ইতিহাস স্মরণীয় হয়ে থাকবে এবং ইতিহাস থেকে কখনো মুছবে না। ভিক্ষু হত্যাকাণ্ডের বিচার হয়নি বলে সরকার পতন হয়েছে, প্রশাসনের পতন হয়েছে এ নজির দৃশ্যমান।দেশের আদালতে দীপংকর ভিক্ষু হত্যার বিচার না হলেও ধর্মের আদালত হতে কেউ রক্ষা পাবে না। হত্যাকারীদের পতন শুরু হয়ে গেছে বলে তিনি বলেন,ভান্তের নামে ট্রাস্ট গঠন করে আগামীতে দেশ ও আন্তর্জাতিক ভাবে বিজ্ঞ ভিক্ষু ও দায়ক সংঘের সমন্বয়ে বৃহত্তর কমিটি গঠন করে ভান্তের শেষকৃত্য অনুষ্ঠান করলে তা প্রশংসনীয় হবে।

পরিশেষে সেনাবাহিনী, পুলিশ, স্থানীয় মুসলমান সম্প্রদায়সহ ফরাঙ্গীরখীল বৌদ্ধ যুব পরিষদ ও সকল প্রবাসীদের সার্বিক সহযোগিতায় সুন্দর পরিবেশে কঠিন চীবর উৎসর্গের মাধ্যমে তৃতীয় পর্ব থেকে রাতে চতুর্থ পর্বে বিহারাধ্যক্ষ বুদ্ধানন্দ ভিক্ষুর আর্থিক তত্ত্বাবধানে এবং মিরসরাই মায়ানী জন্মজাত শৈলাস বড়ুয়া ও তাঁর দলের মনোরম বুদ্ধ কীর্তন পরিবেশনার মধ্য দিয়ে নতুন সরকারের প্রতি দীপংকর ভিক্ষু হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার প্রত্যাশা করে উদযাপন কমিটি অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘোষণা করেন।