পুনর্জন্ম আছে—বৌদ্ধ দর্শনের অবস্থান সুস্পষ্ট
ত্রিপিটকের আলোকে কর্ম, প্রতীত্যসমুৎপাদ, সংসারচক্র ও নির্বাণের একটি গভীর দার্শনিক পর্যালোচনা
কলমে— ধর্মদূত স্থবির এম ধর্মবোধি ভিক্ষু
বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে পরজন্ম বা জন্মান্তরবাদ নিয়ে নানা ধরনের আলোচনা, বিতর্ক, যুক্তি-পাল্টা যুক্তি, সত্য-মিথ্যার দাবি এবং ব্যক্তিগত মতামত প্রকাশ করতে দেখা যাচ্ছে; কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, অনেক ক্ষেত্রে যাঁদের ত্রিপিটক, পালি সূত্র, বুদ্ধের মূল শিক্ষা এবং বৌদ্ধ দর্শনের মৌলিক বিষয় সম্পর্কে যথেষ্ট জ্ঞান নেই, তাঁরাও অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এমন সব মন্তব্য করছেন, যা কখনো কখনো বুদ্ধের প্রকৃত শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে একজন সাধারণ পাঠকের পক্ষে কোনটি ত্রিপিটকসম্মত বক্তব্য, কোনটি পরবর্তী ব্যাখ্যা, কোনটি ব্যক্তিগত বিশ্বাস এবং কোনটি সম্পূর্ণ ভুল ধারণা—তা নির্ণয় করা কঠিন হয়ে পড়ছে। জন্মান্তর বা পুনর্জন্ম বৌদ্ধ দর্শনে আছে কি নেই—এই প্রশ্নের উত্তর তাই সামাজিক বিতর্ক, ব্যক্তিগত আবেগ কিংবা অনুমানের মাধ্যমে নয়; বরং বুদ্ধের নিজস্ব বাণী, ত্রিপিটকের প্রাচীন সূত্রসমূহ এবং কর্ম, প্রতীত্যসমুৎপাদ, সংসার ও নির্বাণের সামগ্রিক দর্শনের আলোকে বিচার করা প্রয়োজন।
মানবজীবনের সবচেয়ে গভীর ও চিরন্তন প্রশ্নগুলোর একটি হলো—মৃত্যুর পর কী ঘটে? এই দৃশ্যমান জীবন কি মৃত্যুর সঙ্গে সম্পূর্ণভাবে শেষ হয়ে যায়, নাকি মৃত্যুর পরও কোনো না কোনোভাবে অস্তিত্বের কারণগত ধারাবাহিকতা অব্যাহত থাকে? যদি মৃত্যুর পর পুনর্জন্ম বা পুনরাবির্ভাব ঘটে, তাহলে সেই পুনর্জন্মের কারণ কী, কে পুনর্জন্ম লাভ করে, কোন শক্তি বা কার্যকারণ সম্পর্কের দ্বারা এক অস্তিত্বের পর আরেক অস্তিত্বের উদ্ভব ঘটে এবং পূর্বকর্মের সঙ্গে পরবর্তী জীবনের সম্পর্কই বা কী—এসব প্রশ্ন মানবচিন্তার ইতিহাসে অত্যন্ত গভীর ও গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে বিবেচিত হয়েছে। বুদ্ধ এই প্রশ্নগুলোর উত্তর কোনো সৃষ্টিকর্তা ঈশ্বরের ইচ্ছা, কোনো চিরস্থায়ী আত্মার স্থানান্তর কিংবা অকারণ অলৌকিকতার মাধ্যমে ব্যাখ্যা করেননি; বরং তিনি কারণ ও শর্তনির্ভর একটি গভীর জীবনদর্শন উপস্থাপন করেছেন, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে কর্ম, তৃষ্ণা, উপাদান, ভব, জাতি, জরা-মরণ এবং প্রতীত্যসমুৎপাদ।
বৌদ্ধ দর্শনে পুনর্জন্ম কোনো বিচ্ছিন্ন বিশ্বাস নয়; এটি কর্মতত্ত্ব, প্রতীত্যসমুৎপাদ, সংসারচক্র, চার আর্যসত্য, পঞ্চস্কন্ধ, অনাত্মবাদ এবং নির্বাণের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত একটি মৌলিক শিক্ষা। তবে বৌদ্ধ পুনর্জন্মকে যথার্থভাবে বোঝার জন্য শুরুতেই একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করা প্রয়োজন—বুদ্ধ পুনর্জন্ম স্বীকার করেছেন, কিন্তু কোনো চিরস্থায়ী, অপরিবর্তনীয় আত্মা এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হয়—এই মত তিনি স্বীকার করেননি। সুতরাং বৌদ্ধ জন্মান্তরবাদকে যদি আত্মার যাতায়াত হিসেবে ব্যাখ্যা করা হয়, তাহলে সেটি বুদ্ধের অনাত্মবাদকে ভুলভাবে উপস্থাপন করা হবে; আবার যদি বলা হয় যে আত্মা নেই বলে মৃত্যুর পর কোনো কারণগত ধারাবাহিকতাও নেই, তাহলেও বুদ্ধের বহু গুরুত্বপূর্ণ শিক্ষাকে অস্বীকার করা হয়। বুদ্ধের মধ্যমপন্থী শিক্ষা হলো—নিত্য আত্মা নেই, কিন্তু কারণগত ধারাবাহিকতা আছে; অপরিবর্তনীয় সত্তার স্থানান্তর নেই, কিন্তু নতুন অস্তিত্বের পুনরাবির্ভাব আছে; স্থায়ী ব্যক্তিসত্তা নেই, কিন্তু কর্মের ফল ও কর্মের কার্যকারণ সম্পর্ক আছে।
ত্রিপিটকে পুনর্জন্মের সুস্পষ্ট স্বীকৃতি
পুনর্জন্ম সম্পর্কে বৌদ্ধ দর্শনের অবস্থান বুঝতে হলে প্রথমেই ত্রিপিটকের প্রাচীন সূত্রসমূহের দিকে দৃষ্টি দিতে হবে। দীঘনিকায়ের সামঞ্ঞফল সূত্রে ধ্যানলব্ধ জ্ঞানসমূহের বর্ণনা দিতে গিয়ে অতীত অস্তিত্ব স্মরণের জ্ঞানের কথা অত্যন্ত সুস্পষ্টভাবে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে—
“অनेकবিহিতং পুব্বেনিবাসং অনুস্সরতি।”
অর্থাৎ সাধক বহু প্রকার পূর্বজীবন বা পূর্বঅস্তিত্ব স্মরণ করতে পারেন—এক জন্ম, দুই জন্ম, তিন জন্ম, দশ জন্ম, বিশ জন্ম, ত্রিশ জন্ম, চল্লিশ জন্ম, পঞ্চাশ জন্ম, একশ জন্ম, এক হাজার জন্ম, বহু শত জন্ম, বহু হাজার জন্ম এবং বহু কল্প পর্যন্ত অতীত অস্তিত্বের স্মরণ লাভের কথা সেখানে বর্ণিত হয়েছে। এখানে বিষয়টি নিছক কোনো দার্শনিক অনুমান হিসেবে উপস্থাপিত হয়নি; বরং ধ্যানের মাধ্যমে অর্জিত বিশেষ জ্ঞান হিসেবে পূর্বজন্ম স্মরণের কথা বলা হয়েছে।
একই সূত্রে আরও বলা হয়েছে যে, সাধক প্রাণীদের মৃত্যুবরণ করতে এবং মৃত্যুর পর বিভিন্ন গতি বা অস্তিত্বে পুনরায় আবির্ভূত হতে দেখেন এবং তারা নিজেদের কর্মের অনুসারে শুভ বা অশুভ গতি লাভ করে। অর্থাৎ এখানে শুধু পূর্বজন্মের স্মৃতির কথাই নেই; বরং মৃত্যু, পুনরাবির্ভাব এবং কর্মফলের মধ্যে একটি কারণগত সম্পর্কও সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।
এখানে একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয়—যদি বুদ্ধের শিক্ষায় মৃত্যুর পর কোনো পুনরাবির্ভাবের ধারণাই না থাকত, তাহলে অতীতজন্ম স্মরণ, প্রাণীদের মৃত্যুর পর পুনরায় বিভিন্ন অস্তিত্বে আবির্ভাব এবং কর্মানুসারে বিভিন্ন গতি লাভের এই ধারাবাহিক শিক্ষাগুলোর যথার্থ ব্যাখ্যা দেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ত।
প্রতীত্যসমুৎপাদ—পুনর্জন্ম বোঝার প্রধান দার্শনিক ভিত্তি
বৌদ্ধ দর্শনে পুনর্জন্মের সবচেয়ে গভীর ও দার্শনিক ব্যাখ্যা নিহিত রয়েছে প্রতীত্যসমুৎপাদে। প্রতীত্যসমুৎপাদ বলতে বোঝায়—কোনো ঘটনা বা অস্তিত্ব স্বাধীনভাবে, অকারণে কিংবা নিজের স্বতন্ত্র শক্তিতে উৎপন্ন হয় না; বরং নির্দিষ্ট কারণ ও শর্তের ওপর নির্ভর করে তার উৎপত্তি ঘটে এবং সেই কারণ-শর্তের পরিবর্তনের সঙ্গে তার উৎপত্তি ও নিরোধও পরিবর্তিত হয়।
সংযুক্তনিকায়ের নিদানসংযুক্তে প্রতীত্যসমুৎপাদের যে ধারাটি ব্যাখ্যা করা হয়েছে, সেখানে অবিদ্যার কারণে সংস্কার, সংস্কারের কারণে বিজ্ঞান, বিজ্ঞানের কারণে নামরূপ, নামরূপের কারণে ষড়ায়তন, ষড়ায়তনের কারণে স্পর্শ, স্পর্শের কারণে বেদনা, বেদনার কারণে তৃষ্ণা, তৃষ্ণার কারণে উপাদান, উপাদানের কারণে ভব, ভবের কারণে জাতি এবং জাতির কারণে জরা-মরণ, শোক, পরিদেবনা, দুঃখ, দৌর্মন্য ও উপায়াসের উদ্ভবের কথা বলা হয়েছে।
এই ধারার মধ্যে পুনর্জন্মের সঙ্গে সরাসরি সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাক্য হলো—
“ভবপচ্চয়া জাতি।”
অর্থাৎ—
“ভবের কারণে জাতির উদ্ভব।”
এখানে জাতি বা জন্ম কোনো বিচ্ছিন্ন, কারণহীন এবং আকস্মিক ঘটনা নয়; বরং তার পেছনে পূর্ববর্তী কারণ ও শর্তের একটি ধারাবাহিকতা রয়েছে। আবার জাতির পরিণতিতেই জরা ও মরণের উদ্ভব ঘটে। ফলে প্রতীত্যসমুৎপাদকে সামগ্রিকভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, জন্ম, জরা, মৃত্যু এবং পুনরাবির্ভাব কোনো আলাদা আলাদা বিচ্ছিন্ন ঘটনা নয়; এগুলো একটি গভীর কারণ-কার্যনির্ভর ধারার পরস্পর-সংযুক্ত অংশ।
তৃষ্ণা, উপাদান ও ভব—পুনর্জন্মের ধারাকে কী ধরে রাখে
মানুষ কেন পুনরায় জন্মগ্রহণ করে—এই প্রশ্নের উত্তর বুদ্ধের শিক্ষায় অত্যন্ত গভীরভাবে ব্যাখ্যা করা হয়েছে। বৌদ্ধ দর্শনের দৃষ্টিতে শুধু কর্মই যথেষ্ট ব্যাখ্যা নয়; কর্মের পেছনে যে চেতনা, তৃষ্ণা, আসক্তি, আঁকড়ে ধরা এবং অস্তিত্বের প্রতি আকর্ষণ কাজ করে, সেগুলোও পুনর্জন্মের ধারাকে অব্যাহত রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সংযুক্তনিকায়ের কুটূহলশালা সূত্রে পুনরাবির্ভাবের প্রসঙ্গে বলা হয়েছে—
“উপাদানস্স পন, বচ্ছ, অতি পুনব্ভবো।”
অর্থাৎ—
“উপাদান থাকলে পুনরাবির্ভাব আছে।”
এই বক্তব্যের মধ্যে বৌদ্ধ পুনর্জন্মতত্ত্বের একটি মৌলিক দার্শনিক সত্য নিহিত রয়েছে। এখানে পুনর্জন্মের কারণ হিসেবে কোনো নিত্য আত্মাকে সামনে আনা হয়নি; বরং উপাদান বা আঁকড়ে ধরার প্রবণতা, তৃষ্ণা এবং অস্তিত্বের প্রতি আসক্তিকে কারণ হিসেবে নির্দেশ করা হয়েছে।
মানুষ যতক্ষণ ইন্দ্রিয়সুখের প্রতি তৃষ্ণায় আবদ্ধ, অস্তিত্বের প্রতি আকৃষ্ট, নিজের ধারণা ও পরিচয়ের প্রতি আসক্ত এবং “আমি” ও “আমার”-এর ধারণাকে আঁকড়ে ধরে থাকে, ততক্ষণ অস্তিত্বের ধারাবাহিকতা বজায় রাখার কারণসমূহও কার্যকর থাকে। তাই বৌদ্ধ দর্শনের প্রকৃত প্রশ্ন কেবল “কে পুনর্জন্ম লাভ করে?”—এটি নয়; বরং আরও গভীর প্রশ্ন হলো—“কোন কারণ ও শর্তের কারণে পুনরায় জন্মের উদ্ভব হয়?” বুদ্ধের শিক্ষায় তার উত্তর নিহিত রয়েছে তৃষ্ণা, উপাদান, ভব এবং প্রতীত্যসমুৎপাদের কারণগত ধারার মধ্যে।
আত্মা নেই, তবুও পুনর্জন্ম কীভাবে সম্ভব?
এখানেই বৌদ্ধ দর্শনের অন্যতম গভীর দার্শনিক প্রশ্নের জন্ম হয়—যদি কোনো স্থায়ী আত্মা না থাকে, তাহলে কে পুনর্জন্ম লাভ করে? সাধারণ চিন্তায় মনে হতে পারে, একটি মানুষ মারা গেলে যদি তার আত্মা অন্য শরীরে প্রবেশ না করে, তাহলে পরবর্তী জন্ম কীভাবে সম্ভব? কিন্তু এই প্রশ্নের মধ্যেই একটি পূর্বধারণা লুকিয়ে আছে—পুনর্জন্ম ঘটতে হলে অবশ্যই একটি অপরিবর্তনীয় আত্মা বা স্থায়ী সত্তার প্রয়োজন। বৌদ্ধ দর্শন এই পূর্বধারণাটিকেই প্রত্যাখ্যান করে।
মানুষকে বিশ্লেষণ করলে আমরা রূপ, বেদনা, সঞ্জ্ঞা, সংস্কার ও বিজ্ঞান—এই পাঁচ উপাদান বা পঞ্চস্কন্ধ দেখতে পাই। বুদ্ধ পঞ্চস্কন্ধের কোনোটিকেই নিত্য, অপরিবর্তনীয় ও স্বাধীন আত্মা হিসেবে গ্রহণ করেননি। অনাত্তলক্ষণ সূত্রে বুদ্ধ পঞ্চস্কন্ধের অনিত্যতা, দুঃখতা এবং অনাত্মতার গভীর বিশ্লেষণ করেছেন।
রূপ পরিবর্তনশীল, বেদনা পরিবর্তনশীল, সঞ্জ্ঞা পরিবর্তনশীল, সংস্কার পরিবর্তনশীল এবং বিজ্ঞানও পরিবর্তনশীল; যা অনিত্য, পরিবর্তনশীল এবং কারণ-শর্তনির্ভর, তাকে নিত্য ও অপরিবর্তনীয় আত্মা হিসেবে গ্রহণ করা যুক্তিসঙ্গত নয়—এটাই বুদ্ধের অনাত্মদর্শনের অন্যতম ভিত্তি।
কিন্তু আত্মা নেই—এই বক্তব্যের অর্থ কখনোই কারণগত ধারাবাহিকতা নেই—এমন নয়। বরং বৌদ্ধ দর্শনের গভীরতা এখানেই যে, এটি স্থায়ী আত্মা ছাড়াই কারণগত ধারাবাহিকতার ব্যাখ্যা প্রদান করে।
যেমন একটি বীজ থেকে একটি বৃক্ষের উদ্ভব হয়; বৃক্ষটি সেই বীজের সঙ্গে সম্পূর্ণ অভিন্ন নয়, আবার সেই বীজের সঙ্গে সম্পূর্ণ সম্পর্কহীনও নয়। বীজের কারণগত প্রভাব ছাড়া সেই বৃক্ষের উৎপত্তিকে যথার্থভাবে ব্যাখ্যা করা যায় না। একইভাবে বর্তমান অস্তিত্বের কর্ম, তৃষ্ণা, আসক্তি, সংস্কার ও মানসিক প্রবণতাসমূহ পরবর্তী অস্তিত্বের কারণ ও শর্ত সৃষ্টি করতে পারে।
সুতরাং বৌদ্ধ পুনর্জন্মের সবচেয়ে সংক্ষিপ্ত ও যথার্থ ব্যাখ্যা হলো—
বৌদ্ধ পুনর্জন্ম আত্মার যাত্রা নয়; এটি কারণগত ধারাবাহিকতার পুনরাবির্ভাব।
বিজ্ঞান বা চেতনা কি এক দেহ থেকে অন্য দেহে যায়?
বৌদ্ধ পুনর্জন্মতত্ত্বের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো—যদি আত্মা এক দেহ থেকে অন্য দেহে যায় না, তাহলে কি বিজ্ঞান বা চেতনা এক শরীর থেকে অন্য শরীরে স্থানান্তরিত হয়?
মজ্ঝিমনিকায়ের মহাতণ্হাসঙ্খয় সূত্রে এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। সেখানে এক ভিক্ষু মনে করেছিলেন যে একই বিজ্ঞান বিভিন্ন জন্মে ঘুরে বেড়ায়। বুদ্ধ সেই ভুল ধারণাকে সংশোধন করেন এবং দেখান যে বিজ্ঞানও শর্তনির্ভর; চোখ ও দৃশ্যের ওপর নির্ভর করে চক্ষুবিজ্ঞান, কান ও শব্দের ওপর নির্ভর করে শ্রোত্রবিজ্ঞান এবং সংশ্লিষ্ট কারণ-শর্তের ওপর নির্ভর করে অন্যান্য বিজ্ঞান উৎপন্ন হয়।
অতএব বিজ্ঞান বা চেতনাকে কোনো স্বাধীন, চিরস্থায়ী এবং অপরিবর্তনীয় সত্তা হিসেবে গ্রহণ করা বুদ্ধের শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিজ্ঞান আছে, কিন্তু বিজ্ঞান নিত্য আত্মা নয়; চেতনা আছে, কিন্তু চেতনা কারণহীন নয়; মানসিক প্রবাহ আছে, কিন্তু সেই প্রবাহের মধ্যে কোনো অপরিবর্তনীয় অধিকারী সত্তা খুঁজে পাওয়া যায় না।
সুতরাং বৌদ্ধ পুনর্জন্মকে “একটি চেতনা দেহ ত্যাগ করে অন্য দেহে প্রবেশ করে”—এই সরল ধারণায় ব্যাখ্যা করা যথার্থ নয়; বরং বলা উচিত, পূর্ববর্তী কারণ ও শর্তের ধারাবাহিকতায় পরবর্তী অস্তিত্বের কারণসমূহের উদ্ভব ঘটে।
কর্ম—পুনর্জন্মের নৈতিক ভিত্তি
পুনর্জন্মের সঙ্গে বৌদ্ধ কর্মতত্ত্বের সম্পর্ক অত্যন্ত গভীর। অঙ্গুত্তরনিকায়ের নিব্বেধিক সূত্রে বুদ্ধ বলেছেন—
“চেতনাহং, ভিক্খবে, কম্মং বদামি।”
অর্থাৎ—
“ভিক্ষুগণ, চেতনাকেই আমি কর্ম বলি।”
এই সংক্ষিপ্ত অথচ গভীর বক্তব্যের মাধ্যমে বুদ্ধ কর্মের প্রকৃত ভিত্তি হিসেবে মানুষের চেতনাময় অভিপ্রায় বা ইচ্ছাকে নির্দেশ করেছেন। বাহ্যিকভাবে একটি কাজ যতই সাধারণ মনে হোক না কেন, তার নৈতিক গুরুত্ব নির্ধারণে অন্তর্নিহিত অভিপ্রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
লোভ থেকে করা কাজ এক ধরনের মানসিক প্রবাহকে শক্তিশালী করে, দ্বেষ থেকে করা কাজ অন্য ধরনের প্রবণতাকে শক্তিশালী করে এবং মৈত্রী, করুণা, দয়া, সত্যনিষ্ঠা ও প্রজ্ঞা থেকে করা কর্ম সম্পূর্ণ ভিন্ন মানসিক পরিণতির দিকে নিয়ে যায়।
এই কারণেই বৌদ্ধ কর্মতত্ত্ব কোনো অদৃশ্য বিচারকের হাতে পরিচালিত পুরস্কার ও শাস্তির ব্যবস্থা নয়; বরং চেতনাসম্পন্ন কর্মের নিজস্ব কারণগত ও নৈতিক পরিণতির শিক্ষা।
কর্মের উত্তরাধিকারী মানুষ নিজেই
মজ্ঝিমনিকায়ের চূলকর্মবিভঙ্গ সূত্রে বুদ্ধ কর্মের উত্তরাধিকার সম্পর্কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ শিক্ষা দিয়েছেন
“কর্মস্সকা সত্তা, কর্মদায়াদা, কর্মযোনি, কর্মবন্ধু, কর্মপটিসরণা।”
অর্থাৎ—
“প্রাণীরা কর্মের মালিক, কর্মের উত্তরাধিকারী, কর্মকে উৎস হিসেবে ধারণ করে, কর্মই তাদের আত্মীয় এবং কর্মই তাদের আশ্রয়।”
এই বক্তব্য বৌদ্ধ কর্মতত্ত্বের নৈতিক গভীরতা স্পষ্ট করে। অন্য কেউ আমার কর্ম নিজের করে নিতে পারে না, আবার নিজের কর্মের ফল থেকেও সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়া যায় না। মানুষ আজ যা চিন্তা করছে, যা বলছে এবং যা করছে, তার মাধ্যমে নিজের চিত্তের প্রবণতা ও কর্মের ধারাকে নির্মাণ করছে এবং সেই কর্মপ্রবাহ ভবিষ্যৎ অস্তিত্বের কারণ ও শর্ত গঠনে ভূমিকা রাখতে পারে।
“যা করে, তারই অনুসারে পুনর্জন্ম”
ত্রিপিটকের বিভিন্ন সূত্রে কর্ম ও পুনরাবির্ভাবের সম্পর্ক অত্যন্ত সরাসরি ভাষায় প্রকাশিত হয়েছে।
অঙ্গুত্তরনিকায়ের একটি গুরুত্বপূর্ণ বক্তব্য হলো—
“যং করোতি তেন উপপজ্জতি।”
অর্থাৎ—
“যা করে, তারই অনুসারে পুনর্জন্ম লাভ করে।”
এখানে কর্ম ও পুনর্জন্মের সম্পর্কের একটি মৌলিক দিক প্রকাশিত হয়েছে। তবে এর অর্থ এই নয় যে প্রতিটি ক্ষুদ্র কাজের জন্য একটি সরল, যান্ত্রিক এবং একই ধরনের ফল নির্ধারিত রয়েছে। কর্মের কার্যপ্রণালী বহু কারণ ও শর্তের ওপর নির্ভরশীল এবং কর্মফলের পরিপক্বতা একটি অত্যন্ত জটিল বিষয়।
এই কারণেই অঙ্গুত্তরনিকায়ের অচিন্তেয় সূত্রে কর্মফলকে এমন একটি বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে যার সম্পূর্ণ কার্যপ্রক্রিয়া নিয়ে সীমাহীন কল্পনা বা অনুমান করা উচিত নয়।
অর্থাৎ বুদ্ধ একদিকে কর্মফলের বাস্তবতাকে অস্বীকার করেননি, অন্যদিকে কর্মফলের প্রতিটি সূক্ষ্ম কার্যপ্রণালীকে মানুষের সীমিত বুদ্ধি দিয়ে সম্পূর্ণরূপে ব্যাখ্যা করার অহংকার থেকেও সতর্ক করেছেন।
সংসার অনাদি
বৌদ্ধ দর্শনে পুনর্জন্ম কোনো একটি জীবন থেকে আরেকটি জীবনে সীমাবদ্ধ কোনো ধারণা নয়; বরং এটি দীর্ঘ ও অনাদি সংসারধারার অংশ। সংযুক্তনিকায়ের অনমতগ্গসংযুক্তে বুদ্ধ বলেছেন—
“অনমতগ্গোয়ং, ভিক্খবে, সংসারো।”
অর্থাৎ—
“ভিক্ষুগণ, এই সংসারের কোনো প্রারম্ভিক সীমা জানা যায় না।”
অবিদ্যা ও তৃষ্ণায় আবদ্ধ প্রাণীরা অসংখ্য জন্ম-মৃত্যুর ধারায় ঘুরে বেড়াচ্ছে—এই ধারণা বৌদ্ধ সংসারতত্ত্বের অন্যতম মৌলিক বিষয়। বুদ্ধ বিভিন্ন সূত্রে অশ্রু, দুধ এবং দীর্ঘ সংসারযাত্রার বিভিন্ন উপমার মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে জন্ম-মৃত্যুর এই ধারাকে সামান্য বা ক্ষণস্থায়ী কোনো ঘটনা হিসেবে দেখলে এর প্রকৃত দুঃখময়তা উপলব্ধি করা যায় না।
জন্ম নিজেই দুঃখ
বুদ্ধের প্রথম ধর্মদেশনার অন্যতম কেন্দ্রীয় বিষয় হলো চার আর্যসত্য, যার প্রথমটি দুঃখ আর্যসত্য। ধর্মচক্রপ্রবর্তন সূত্রে বলা হয়েছে—
“জাতিপি দুক্খা।”
অর্থাৎ—
“জন্মও দুঃখ।”
জন্মের সঙ্গে জরা আসে, ব্যাধি আসে, মৃত্যু আসে; প্রিয়জন থেকে বিচ্ছেদ আসে, অপছন্দনীয়ের সঙ্গে মিলন ঘটে, আকাঙ্ক্ষিত বস্তু না পাওয়ার দুঃখ আসে এবং সর্বোপরি অনিত্যতার বিধান থেকে কেউ মুক্ত নয়।
এখানে জন্মকে দুঃখের অন্তর্ভুক্ত করা হয়েছে কারণ জন্মের সঙ্গে জরা-মরণের সম্ভাবনা অবিচ্ছেদ্যভাবে যুক্ত। আর যদি জন্ম একবারের ঘটনা না হয়ে বারবার সংঘটিত হয়, তাহলে জরা-মরণ ও দুঃখের ধারাও বারবার ফিরে আসে।
এই কারণেই বৌদ্ধ দর্শনে সংসারকে কেবল সুখ-দুঃখের মিশ্র জীবন হিসেবে দেখা হয় না; বরং অজ্ঞতা, তৃষ্ণা ও আসক্তির কারণে পুনঃপুন জন্ম, জরা, ব্যাধি ও মৃত্যুর একটি অনন্তপ্রবাহ হিসেবে দেখা হয়।
পুনর্জন্মের চূড়ান্ত উদ্দেশ্য—আরও ভালো জন্ম নয়
এখানে বুদ্ধের দর্শনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য প্রকাশ পায়। বুদ্ধ মানুষকে কেবল এই শিক্ষা দেননি যে ভালো কাজ করলে ভালো জন্ম পাওয়া যাবে; বরং তিনি দেখিয়েছেন যে শুভ কর্মের মাধ্যমে শুভ ফল ও সুখকর অস্তিত্ব লাভ করা সম্ভব হলেও শুভ জন্মও অনিত্য, দেবজন্মও অনিত্য, মানবজন্মও অনিত্য এবং যে অস্তিত্বের উৎপত্তি আছে তার অবসানও অবশ্যম্ভাবী।
অতএব বুদ্ধের চূড়ান্ত লক্ষ্য কেবল উন্নততর কোনো লোকভূমিতে জন্ম নেওয়া নয়; বরং জন্মের কারণকেই অতিক্রম করা।
ভালো পুনর্জন্মের আকাঙ্ক্ষাকে অতিক্রম করে পুনর্জন্মের কারণকে সম্পূর্ণভাবে নিঃশেষ করাই বৌদ্ধ সাধনার চূড়ান্ত লক্ষ্য।
এই কারণেই নির্বাণ বৌদ্ধ সাধনার সর্বোচ্চ পরিণতি।
নির্বাণ—পুনর্জন্ম উৎপাদনকারী কারণের সম্পূর্ণ নিরোধ
প্রতীত্যসমুৎপাদের যেমন উৎপত্তির ধারা রয়েছে, তেমনি রয়েছে নিরোধের ধারাও। অবিদ্যার ক্ষয় হলে সংস্কারের ক্ষয় ঘটে, সংস্কারের ক্ষয় হলে বিজ্ঞানসহ পরবর্তী কারণসমূহের ধারাও ক্ষীণ হয়; তৃষ্ণার ক্ষয় হলে উপাদানের ক্ষয় হয়, উপাদানের ক্ষয় হলে ভবের ক্ষয় ঘটে, ভবের ক্ষয় হলে জাতির কারণ থাকে না এবং জাতির কারণ না থাকলে জরা-মরণ, শোক, পরিদেবনা, দুঃখ, দৌর্মন্য ও উপায়াসের ধারাও নিরুদ্ধ হয়।
অতএব নির্বাণ কোনো আত্মার ধ্বংস নয়, কারণ বৌদ্ধ দর্শনে নিত্য আত্মার অস্তিত্বই স্বীকৃত নয়। নির্বাণ হলো অবিদ্যার ক্ষয়, তৃষ্ণার ক্ষয়, আসক্তির ক্ষয় এবং জন্ম-মৃত্যুর সংসারচক্র উৎপাদনকারী কারণসমূহের সম্পূর্ণ নিরোধ।
এই কারণেই নির্বাণকে কেবল মৃত্যুর পরে কোনো সুখের স্থানে গমন হিসেবে ব্যাখ্যা করা বৌদ্ধ দর্শনের যথার্থ ব্যাখ্যা নয়। নির্বাণ হলো এমন এক পরম অবস্থা, যেখানে তৃষ্ণা ও আসক্তির অবসানের মাধ্যমে নতুন জন্মের কারণসমূহ আর কার্যকর থাকে না।
পূর্বজন্ম ও পরজন্ম—একই নয়, আবার সম্পূর্ণ ভিন্নও নয়
বৌদ্ধ পুনর্জন্মতত্ত্বের একটি গভীর দার্শনিক দিক হলো—পূর্বজন্ম ও পরজন্ম সম্পূর্ণ অভিন্ন নয়, আবার সম্পূর্ণ সম্পর্কহীনও নয়।
একটি প্রদীপের শিখা থেকে অন্য প্রদীপে আগুন জ্বালানো হলে প্রথম প্রদীপের শিখাটি কোনো বস্তু হিসেবে দ্বিতীয় প্রদীপে গিয়ে প্রবেশ করে না; কিন্তু দ্বিতীয় প্রদীপের আগুন প্রথম প্রদীপের আগুনের সঙ্গে সম্পূর্ণ সম্পর্কহীনও নয়। প্রথম প্রদীপের আগুনের কারণে দ্বিতীয় প্রদীপে আগুন জ্বলার একটি কারণগত সম্পর্ক সৃষ্টি হয়েছে।
একইভাবে বর্তমান অস্তিত্বের কর্ম, তৃষ্ণা, আসক্তি ও অন্যান্য কারণ-শর্ত পরবর্তী অস্তিত্বের উদ্ভবের কারণ হতে পারে। এখানে কোনো আত্মা স্থানান্তরিত হচ্ছে না, কোনো অপরিবর্তনীয় সত্তা দেহ পরিবর্তন করছে না; বরং কারণ ও শর্তের ধারাবাহিকতায় নতুন অস্তিত্বের উদ্ভব ঘটছে।
এই দৃষ্টিভঙ্গির সারকথা—
“কারণগত ধারাবাহিকতা আছে, কিন্তু নিত্য আত্মার স্থানান্তর নেই।”
এই কারণেই বৌদ্ধ দর্শন একদিকে শাশ্বতবাদ বা নিত্য আত্মার মতকে গ্রহণ করে না, অন্যদিকে উচ্ছেদবাদ বা মৃত্যুর সঙ্গে সব কারণগত ধারাবাহিকতা সম্পূর্ণ বিনষ্ট হয়ে যায়—এই মতও গ্রহণ করে না।
পুনর্জন্ম অস্বীকার করলে বৌদ্ধ দর্শনের বহু শিক্ষা ব্যাখ্যার সংকটে পড়ে
যদি বলা হয়—মৃত্যুর পর কোনো পুনরাবির্ভাব নেই, তাহলে ত্রিপিটকের বহু গুরুত্বপূর্ণ বক্তব্যের পূর্ণ ও সামঞ্জস্যপূর্ণ ব্যাখ্যা দেওয়া কঠিন হয়ে পড়ে। তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে—**বুদ্ধ কেন অতীতজন্ম স্মরণের জ্ঞানের কথা বলেছেন? কেন প্রাণীদের মৃত্যুর পর বিভিন্ন গতি বা অস্তিত্বে পুনরায় আবির্ভাবের কথা বলেছেন? কেন কর্মের ফল ভবিষ্যৎ অস্তিত্বের সঙ্গে সম্পর্কিতভাবে ব্যাখ্যা করেছেন? কেন সংসারকে অনাদি বলেছেন? কেন “ভবপচ্চয়া জাতি”—ভবের কারণে জাতির উদ্ভব—এই কারণগত সম্পর্ক প্রতিষ্ঠা করেছেন? কেন জন্মকে দুঃখের অন্তর্ভুক্ত করেছেন? কেন তৃষ্ণা, উপাদান ও ভবের নিরোধকে জন্ম-মৃত্যুর ধারার নিরোধের সঙ্গে যুক্ত করেছেন?

এম ধর্মবোদি ভান্তে
এই প্রশ্নগুলোর সম্মিলিত উত্তর বিশ্লেষণ করলে একটি বিষয় অত্যন্ত স্পষ্ট হয়ে ওঠে—
পুনর্জন্ম বৌদ্ধ দর্শনের কোনো প্রান্তিক বা গৌণ ধারণা নয়; বরং কর্ম, প্রতীত্যসমুৎপাদ, সংসার এবং নির্বাণের সামগ্রিক কাঠামোর সঙ্গে গভীরভাবে যুক্ত একটি মৌলিক শিক্ষা।
পুনর্জন্ম আছে—কিন্তু আত্মার পুনর্জন্ম নেই
এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্যটি আবারও স্মরণ করা প্রয়োজন। বৌদ্ধ দর্শন বলে না—
“একজন মানুষের আত্মা মৃত্যুর পর অন্য দেহে প্রবেশ করে।”
বরং বৌদ্ধ দর্শন বলে—
“কর্ম, তৃষ্ণা, উপাদান, ভব এবং অন্যান্য কারণ-শর্তের ধারাবাহিকতায় নতুন অস্তিত্বের উদ্ভব ঘটে।”
অতএব বৌদ্ধ পুনর্জন্মকে আত্মার যাত্রা হিসেবে দেখলে বুদ্ধের অনাত্মবাদকে ভুল বোঝা হবে, আর পুনর্জন্মকে সম্পূর্ণ অস্বীকার করলে ত্রিপিটকের বহু গুরুত্বপূর্ণ শিক্ষা ব্যাখ্যার বাইরে চলে যাবে।
বুদ্ধের শিক্ষা মূলত কারণ-কার্যনির্ভর; যেখানে কোনো কিছুই একেবারে স্বাধীন, স্থায়ী ও কারণহীন নয়। সবকিছু পরিবর্তনশীল, শর্তনির্ভর এবং কারণের ওপর নির্ভরশীল। সেই কারণে পুনর্জন্মও কোনো নিত্য আত্মার কৃতিত্ব নয়; বরং কারণ ও শর্তের ধারাবাহিকতার একটি ফল।
বৌদ্ধ পুনর্জন্মতত্ত্বের সারকথা
সমগ্র ত্রিপিটকীয় শিক্ষাকে একত্রে বিবেচনা করলে বৌদ্ধ পুনর্জন্মতত্ত্বের কয়েকটি মৌলিক বিষয় অত্যন্ত স্পষ্ট হয়ে ওঠে।
প্রথমত—বৌদ্ধ দর্শনে জন্মের ধারাবাহিকতা স্বীকৃত এবং মৃত্যুর পর পুনরাবির্ভাবের কথা বহু সূত্রে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে।
দ্বিতীয়ত—কর্ম ভবিষ্যৎ অস্তিত্বের নৈতিক কারণগুলোর একটি প্রধান ভিত্তি এবং কর্মের উত্তরাধিকার থেকে কোনো প্রাণী সম্পূর্ণ বিচ্ছিন্ন নয়।
তৃতীয়ত—তৃষ্ণা, উপাদান ও ভব পুনর্জন্মের ধারাকে ধরে রাখার গুরুত্বপূর্ণ কারণ এবং এই কারণসমূহ যতক্ষণ কার্যকর থাকে, ততক্ষণ সংসারচক্র অব্যাহত থাকে।
চতুর্থত—কোনো নিত্য, অপরিবর্তনীয় ও স্বাধীন আত্মা এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হয় না; পুনর্জন্ম আত্মার স্থানান্তর নয়।
পঞ্চমত—বর্তমান অস্তিত্ব ও পরবর্তী অস্তিত্বের সম্পর্ক হলো কারণ-কার্যনির্ভর ধারাবাহিকতা, যেখানে পূর্ববর্তী কারণসমূহ পরবর্তী অস্তিত্বের উদ্ভবের জন্য শর্ত সৃষ্টি করে।
ষষ্ঠত—সংসারের কোনো প্রারম্ভিক সীমা সাধারণ প্রাণীর জ্ঞানে নির্ণীত নয়; অবিদ্যা ও তৃষ্ণার কারণে প্রাণীরা দীর্ঘকাল ধরে জন্ম-মৃত্যুর ধারায় আবর্তিত হয়ে আসছে।
সপ্তমত—জন্মের সঙ্গে জরা, ব্যাধি ও মৃত্যু অবিচ্ছেদ্যভাবে যুক্ত এবং সেই কারণে জন্মও দুঃখের অন্তর্ভুক্ত।
অষ্টমত—শুভ কর্মের মাধ্যমে শুভ জন্ম লাভ করা সম্ভব হলেও বৌদ্ধ সাধনার চূড়ান্ত লক্ষ্য কেবল শুভ জন্ম অর্জন নয়; বরং জন্মের কারণসমূহকে সম্পূর্ণভাবে অতিক্রম করা।
নবমত—তৃষ্ণা, উপাদান ও অবিদ্যার ক্ষয়ের মাধ্যমে ভবের উৎপাদন বন্ধ হলে নতুন জাতির কারণও থাকে না এবং এভাবেই জন্ম-মৃত্যুর সংসারধারা নিরুদ্ধ হয়।
দশমত—নির্বাণ হলো কোনো আত্মার ধ্বংস নয়; বরং তৃষ্ণা, আসক্তি, অবিদ্যা এবং পুনর্জন্ম উৎপাদনকারী কারণসমূহের সম্পূর্ণ নিরোধ।
চূড়ান্ত উপসংহার
ত্রিপিটকের বিভিন্ন সূত্র গভীরভাবে বিশ্লেষণ করলে এ কথা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে বুদ্ধের দর্শনে পুনর্জন্ম কোনো গৌণ, বিচ্ছিন্ন কিংবা পরবর্তী যুগের সংযোজন নয়; বরং কর্ম, প্রতীত্যসমুৎপাদ, সংসারচক্র, চার আর্যসত্য, অনাত্মবাদ এবং নির্বাণের সামগ্রিক দর্শনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে সম্পর্কিত একটি মৌলিক শিক্ষা।
সামঞ্ঞফল সূত্রে অতীতজন্ম স্মরণের জ্ঞান রয়েছে; প্রাণীদের মৃত্যুর পর পুনরাবির্ভাবের কথা রয়েছে; মহাতণ্হাসঙ্খয় সূত্রে বিজ্ঞানকে একটি নিত্য ও স্বতন্ত্র আত্মা হিসেবে গ্রহণের ভুল সংশোধন করা হয়েছে; চূলকর্মবিভঙ্গ সূত্রে কর্মের উত্তরাধিকার ব্যাখ্যা করা হয়েছে; নিব্বেধিক সূত্রে চেতনাকে কর্মের ভিত্তি বলা হয়েছে; কুটূহলশালা সূত্রে উপাদান ও পুনরাবির্ভাবের সম্পর্ক দেখানো হয়েছে; প্রতীত্যসমুৎপাদ বিষয়ক সূত্রসমূহে ভব থেকে জাতি এবং জাতি থেকে জরা-মরণের কারণগত ধারাবাহিকতা প্রতিষ্ঠা করা হয়েছে; অনমতগ্গসংযুক্তে সংসারের অনাদিত্বের কথা বলা হয়েছে এবং ধর্মচক্রপ্রবর্তন সূত্রে জন্মকে দুঃখের অন্তর্ভুক্ত করা হয়েছে।
অতএব বৌদ্ধ দর্শনের অবস্থানকে দৃঢ় অথচ যথার্থভাবে বলা যায়—
পুনর্জন্ম আছে—কিন্তু আত্মার পুনর্জন্ম নেই।
কর্ম আছে—কর্মের ফল আছে; কিন্তু সেই ফল কোনো সৃষ্টিকর্তার ইচ্ছাধীন বিচার নয়, বরং কারণ-কার্যনির্ভর নৈতিক পরিণতি।
সংসার আছে—জন্ম আছে, জরা আছে, মৃত্যু আছে এবং পুনরায় জন্মের কারণগত ধারাবাহিকতা আছে।
তৃষ্ণা ও উপাদান আছে বলেই ভব; ভব আছে বলেই জাতি; জাতি আছে বলেই জরা-মরণ।
আর যখন অবিদ্যা ক্ষয় হয়, তৃষ্ণা ক্ষয় হয়, উপাদান ক্ষয় হয়, ভবের উৎপাদন বন্ধ হয়—তখন নতুন জাতির কারণও আর অবশিষ্ট থাকে না।
সেই কারণেই বুদ্ধের শিক্ষা কেবল “পরজন্ম আছে”—এই একটি ঘোষণায় সীমাবদ্ধ নয়; বরং তাঁর চূড়ান্ত আহ্বান হলো—যে কারণের কারণে পুনর্জন্ম হয়, সেই কারণকে জ্ঞান, শীল, সমাধি ও প্রজ্ঞার মাধ্যমে সম্পূর্ণভাবে নিঃশেষ করতে হবে।
এই কারণে বৌদ্ধ দর্শনে পুনর্জন্ম চূড়ান্ত লক্ষ্য নয়; পুনর্জন্মের কারণের অবসানই মুক্তির দিকে অগ্রসর হওয়ার প্রকৃত লক্ষ্য। জন্মের ধারাকে বুঝতে হবে, জন্মের কারণকে বুঝতে হবে, তৃষ্ণা ও উপাদানের প্রকৃতি বুঝতে হবে, কর্মের নৈতিক কার্যকারিতা বুঝতে হবে এবং সর্বশেষে সেই কারণসমূহের নিরোধের পথ অনুসরণ করতে হবে—এটাই বুদ্ধের শিক্ষার প্রকৃত তাৎপর্য।
অতএব বৌদ্ধ জন্মান্তরবাদের সারকথা এক বাক্যে বলা যায়—
“আত্মার যাত্রা নয়—কারণের ধারাবাহিকতা; নিত্য সত্তার পুনরাগমন নয়—শর্তনির্ভর অস্তিত্বের পুনরাবির্ভাব; কেবল ভালো জন্মের আকাঙ্ক্ষা নয়—জন্মের কারণের সম্পূর্ণ নিরোধ; আর সংসারে অনন্তকাল ঘুরে বেড়ানো নয়—অবিদ্যা, তৃষ্ণা ও উপাদানের অবসানের মাধ্যমে নির্বাণের পরম শান্তিতে প্রতিষ্ঠিত হওয়াই বুদ্ধের চূড়ান্ত শিক্ষা।