আর্জেন্টিনা জার্সিতে লিওনেল মেসি‘র শেষ ম্যাচ ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
আগামী ৬ অক্টোবর, বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে আলবিসেলেস্তেদের হয়ে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবেন লিও। বাংলাদেশ সময় ৭ অক্টোবর ভোর ৫টায় শুরু হবে ম্যাচটি।
এএফএ’র সূচি অনুযায়ী, ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। মনুমেন্টালে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায়।
২০২৬ বিশ্বকাপের পর আর্জেন্টিনা জার্সিতে বেনিনের বিপক্ষে ম্যাচটিই হতে যাচ্ছে লিও‘র শেষ ম্যাচ।
ঘরের মাঠে সমর্থকদের সামনে জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো মাঠে নামার সম্ভাবনা মেসির ক্যারিয়ারের অন্যতম আবেগঘন মুহূর্ত হয়ে উঠতে পারে।
আর্জেন্টিনার হয়ে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার অর্জনে ভরপুর। তার নেতৃত্বে ২০২১ ও ২০২৪ সালে কোপা আমেরিকা এবং ২০২২ সালে ফিফা বিশ্বকাপ জেতে আলবিসেলেস্তেরা। জাতীয় দলের হয়ে তার সম্ভাব্য বিদায় তাই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের কাছে বিশেষ তাৎপর্য বহন করছে।
আর্জেন্টিনার হয়ে মেসির শেষ আন্তর্জাতিক উপস্থিতি ঘিরে এই ম্যাচটি তাই কেবল একটি প্রীতি ম্যাচ নয়, বরং দেশটির ফুটবল ইতিহাসের এক স্মরণীয় বিদায়মঞ্চ হতে যাচ্ছে।







